https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌসের চিকিৎসায় সহায়তার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তার চিকিৎসায় সোমবার বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে জান্নাতুলের পরিবারের অসহায়ত্বের ভিডিও দেখে দ্রুত তার চিকিৎসার খোঁজ নেওয়ার নির্দেশ দেন ডা. জুবাইদা রহমান। এর পরিপ্রেক্ষিতে রোববার দুপুরে খুলনা জেলা পরিষদের প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী হাসপাতালে গিয়ে শিশুটির চিকিৎসার খোঁজ নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
জেডআরএফ সদস্য ডা. এমআর হাসান জানান, জান্নাতুলের চিকিৎসার সার্বিক বিষয় তদারকির জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত জেডআরএফের প্রোগ্রাম পরিচালক অধ্যাপক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহকে দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নেওয়া হবে।
জান্নাতুলের মা আজমিরা বেগম জানান, তাদের বাড়ি খুলনার কয়রা উপজেলায়। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়ে আর্থিক সংকটে রয়েছেন তিনি। অর্থের অভাবে মেয়ের চিকিৎসাও চালিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছিল।
পরিবারের ভাষ্য অনুযায়ী, দুই মাস বয়সে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর জান্নাতুলের দুই পা ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায়। বর্তমানে সে নার্ভের জটিলতা ও বেড সোরে ভুগছে। শারীরিক অবস্থার অবনতির কারণে তার পড়াশোনাও বন্ধ হয়ে গেছে।
জেডআরএফের পক্ষ থেকে জানানো হয়েছে, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী জান্নাতুলের চিকিৎসায় প্রয়োজনীয় প্রশাসনিক ও আর্থিক সহযোগিতা দেওয়া হবে।