https://timenewsbangla.com

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করায় দীর্ঘ সময় তাকে নিউইয়র্কে অবস্থান করতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সফর শেষে তিনি অক্টোবরের শেষ দিকে দেশে ফিরতে পারেন।
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন আগামী ৮ সেপ্টেম্বর শুরু হবে। উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হবে ২২ সেপ্টেম্বর। এতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নিয়ে বক্তব্য দেবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে। তবে তার বক্তব্যের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।
ড. খলিলুর রহমান আনুষ্ঠানিকভাবে ছুটি নিচ্ছেন না। মন্ত্রীর দায়িত্ব পালনের অংশ হিসেবেই সরকার তার নিউইয়র্ক অবস্থানের অনুমোদন দিয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনায় অতিরিক্ত দায়িত্ব পালন করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। রোববার (৩০ আগস্ট) জারি করা এক পরিপত্রে তাকে নির্ধারিত দায়িত্বের পাশাপাশি মন্ত্রণালয়ের অন্যান্য বিষয়েও পররাষ্ট্রমন্ত্রীকে সহায়তার দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন দায়িত্ব অনুযায়ী, পররাষ্ট্রমন্ত্রী বিদেশে থাকাকালে মন্ত্রণালয়ের সামগ্রিক কার্যক্রম, জরুরি সিদ্ধান্ত ও প্রশাসনিক বিষয়েও ভূমিকা রাখবেন হুমায়ুন কবির। এতে বৈদেশিক নীতির ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রম নির্বিঘ্ন রাখার লক্ষ্য রয়েছে।
এর আগে গত ২ জুন জাতিসংঘ সদর দফতরে গোপন ব্যালটে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকৌরিসকে ৯৯-৯১ ভোটে পরাজিত করে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান। আগামী এক বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।
গত ২১ আগস্ট মন্ত্রিসভায় রদবদলের পর হুমায়ুন কবিরকে টেকনোক্র্যাট হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হয়। বর্তমানে শামা ওবায়েদ ইসলামও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন।
| S | M | T | W | T | F | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | |||