ঢাকা
০১ সেপ্টেম্বর ২০২৬

৭ বছর পর ডাকসুর জিএস হলেন রাশেদ খান

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬   ৩ বার পঠিত
৭ বছর পর ডাকসুর জিএস হলেন রাশেদ খান

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) পদে মো. রাশেদ খানকে ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। ২০১৯ সালের ডাকসু নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া রাশেদ খান প্রায় সাত বছর পর এই পদ পেলেন।

সোমবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৯ সালের নির্বাচনে জিএস পদে ১০ হাজার ৪৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন গোলাম রাব্বানী। আর বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে রাশেদ খান পেয়েছিলেন ৬ হাজার ৬৩ ভোট, যা ছিল দ্বিতীয় সর্বোচ্চ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গোলাম রাব্বানীর এমফিলের ছাত্রত্ব নিয়ে গঠিত তদন্ত কমিটি অনিয়মের বিষয়টি চিহ্নিত করে। পরে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সন্তোষজনক জবাব না পাওয়ায় তার ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল। এর ধারাবাহিকতায় ডাকসুর জিএস পদও বাতিল করা হয়।

এরপর ২০১৯ সালের নির্বাচনে জিএস পদে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া রাশেদ খানকে ওই পদে ঘোষণা করে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

জিএস ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাশেদ খান।

২০১৯ সালের ১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ৩৭তম নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ভিপি পদে ১১ হাজার ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন নুরুল হক নুর।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930