ঢাকা
৩১ আগস্ট ২০২৬

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন রুনা খান

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ৩১ আগস্ট ২০২৬   ৩ বার পঠিত
‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন রুনা খান

ছবি: -সংগৃহীত

বাংলাদেশের সমাজকর্মী ও ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান মর্যাদাপূর্ণ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন। প্রান্তিক ও জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দীর্ঘদিনের কাজের স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন ২০২৬ সালের বিজয়ীদের নাম ঘোষণা করে। রুনা খানের সঙ্গে এবার পুরস্কার পেয়েছেন সিঙ্গাপুরের কূটনীতিক ও আইনজ্ঞ টমি কোহ এবং মিয়ানমারের মানবাধিকারকর্মী বো চি।

রুনা খান ২০০২ সালে ফ্রেন্ডশিপ প্রতিষ্ঠা করেন। দুই দশকের বেশি সময় ধরে সংস্থাটি বাংলাদেশের দুর্গম ও প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, জীবিকা ও অন্যান্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে কাজ করছে। বিশেষ করে নদীভাঙন ও জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষের জীবনমান উন্নয়নে সংস্থাটির কার্যক্রম উল্লেখযোগ্য।

র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন জানিয়েছে, মানুষের সেবায় আত্মনিয়োগ, বিভিন্ন জনগোষ্ঠীর জন্য সুযোগ সৃষ্টি এবং নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে মানুষকে সক্ষম করে তোলার নেতৃত্বের স্বীকৃতি হিসেবে এবারের বিজয়ীদের নির্বাচিত করা হয়েছে।

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট র‍্যামন ম্যাগসাইসাইয়ের নামে ১৯৫৭ সালে এই পুরস্কার চালু হয়। এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ এ পুরস্কারকে প্রায়ই ‘এশিয়ার নোবেল’ বলা হয়। আগামী ১৫ নভেম্বর ম্যানিলার মেট্রোপলিটন থিয়েটারে এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।