মার্কিন মিত্র সৌদি আরবে একের পর এক হামলা চালালেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতে জড়াতে চায় না ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী। এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, হুথিদের সঙ্গে ওয়াশিংটনের নিয়মিত যোগাযোগ রয়েছে। তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে না জড়ানোর প্রতিশ্রুতিও দিয়েছে।

ফক্স নিউজের সাংবাদিক ট্রেই ইংস্টকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক বাহিনীর ওপর হামলা থেকে হুথিরা নিজেদের বিরত রাখছে। এর আগেও তিনি একই ধরনের দাবি করেছিলেন।

গত ১২ সেপ্টেম্বর আয়ারল্যান্ড সফরের সময় ট্রাম্প বলেছিলেন, হুথিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করে জানিয়েছে যে তারা কোনো যুদ্ধ চায় না। তাদের মূল প্রত্যাশা, যুক্তরাষ্ট্র যেন তাদের ওপর হামলা না চালায়।

তবে ট্রাম্পের সর্বশেষ মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব হুথিদের ধারাবাহিক হামলার মুখে রয়েছে। শনিবারও সৌদি রাজধানী রিয়াদ লক্ষ্য করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অভিযোগ উঠেছে হুথিদের বিরুদ্ধে।

এদিকে ইয়েমেনের অভ্যন্তরেও হুথিদের সামরিক তৎপরতা অব্যাহত রয়েছে। সৌদি আরব-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সঙ্গে দীর্ঘদিন ধরে সংঘর্ষে থাকা গোষ্ঠীটি দেশটির বড় একটি অংশের নিয়ন্ত্রণ ধরে রেখেছে।

ফলে সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের হামলা অব্যাহত থাকলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাতে না জড়ানোর অবস্থান মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে।