মেয়র পদে দল চাইলে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তবে দল অন্য কাউকে প্রার্থী করলে তাকেও জয়ী করতে সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে জানিয়েছেন তিনি।
মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইশরাক হোসেন।
তিনি বলেন, দায়িত্ব নেওয়ার সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেক রাস্তার কাজ অর্ধসমাপ্ত ছিল। ২০২৪ সালের ৫ আগস্টের পর অনেক ঠিকাদার চলে যাওয়ায় এসব কাজ আটকে যায়। তবে এরই মধ্যে বেশির ভাগ রাস্তার কাজ শেষ হয়েছে। কিছু এলাকায় এখনো ফিনিশিংয়ের কাজ চলছে।
ঢাকার যানজট ও অটোরিকশা নিয়ন্ত্রণের বিষয়ে ইশরাক বলেন, বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বিগ্ন। এ নিয়ে সংশ্লিষ্টদের নিয়ে কমিটি করে কাজ চলছে। শুধু নীতিমালা প্রণয়ন করলেই হবে না, এর যথাযথ বাস্তবায়নও নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় এলাকায় জোনভিত্তিক সীমিতসংখ্যক রিকশা চলাচলের সুযোগ দেওয়ার বিষয়েও আলোচনা হচ্ছে।
সিটি করপোরেশনের সক্ষমতা প্রসঙ্গে তিনি বলেন, ঢাকায় প্রায় তিন কোটি মানুষের বসবাস। এত বিপুল জনগোষ্ঠীর সেবা দিতে গিয়ে সিটি করপোরেশনকে শুধু দোষারোপ না করে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা দিতে হবে। বিভিন্ন মন্ত্রণালয়, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।
ইশরাক আরও বলেন, ঢাকায় সাতটি মন্ত্রণালয়ের অধীনে ৪০টির বেশি সেবাদানকারী সংস্থা কাজ করছে। কিন্তু সমন্বিত পরিকল্পনার অভাবে নগরের উন্নয়ন অনেক সময় বাধাগ্রস্ত হয়। এ কারণে ঢাকার জন্য দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনা প্রয়োজন।
মেয়র নির্বাচন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে ইশরাক বলেন, দল তাকে প্রয়োজন মনে করলে তিনি নির্বাচনে অংশ নেবেন। আর দল অন্য কাউকে প্রার্থী করলে দলীয় সিদ্ধান্ত মেনে সেই প্রার্থীকে বিজয়ী করতেও সর্বোচ্চ সহযোগিতা করবেন।

মন্তব্য করুন