সাব-রেজিস্ট্রার কার্যালয়কে ঘিরে দুর্নীতির অভিযোগ ও সিন্ডিকেট ভাঙতে লটারির মাধ্যমে কর্মকর্তাদের বদলির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রারদের বদলি কার্যক্রম অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী জানান, সারাদেশে ‘এ’ ক্যাটাগরির ১৩১ জন সাব-রেজিস্ট্রারের মধ্য থেকে লটারির মাধ্যমে ১৮ জনকে ঢাকার জন্য বাছাই করা হয়েছে। তবে লটারিতে নাম ওঠার পরই চূড়ান্ত পদায়ন হবে না। কর্মকর্তাদের দক্ষতা এবং সংশ্লিষ্ট এলাকার কাজের চাপ বিবেচনা করে দায়িত্ব দেওয়া হবে।

তিনি বলেন, ঢাকার সাব-রেজিস্ট্রার পদগুলোকে গুরুত্বপূর্ণ বা ‘প্রাইজ পোস্টিং’ হিসেবে বিবেচনা করা হয়। যেসব জায়গায় দীর্ঘদিন ধরে দুর্নীতির সিন্ডিকেট গড়ে ওঠার অভিযোগ রয়েছে, সেখানে রোটেশনের মাধ্যমে কর্মকর্তাদের বদলি করা হবে।

লটারির এই পদ্ধতি ভবিষ্যতেও চালু থাকবে বলে জানান মন্ত্রী। তার ভাষ্য, ধাপে ধাপে দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও এই প্রক্রিয়া প্রয়োগের মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করা হবে।

সারাদেশে বর্তমানে ৩৭২ জন সাব-রেজিস্ট্রার কর্মরত এবং আরও ১৩৯টি পদ শূন্য রয়েছে বলেও জানান তিনি।