ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে আটক হওয়ার পর মুক্তি পেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। মঙ্গলবার (৬ অক্টোবর) নয়াদিল্লিতে এ ঘটনা ঘটে।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী জোটের নেতাকর্মীরা এই বিক্ষোভ করেন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে তারা নির্বাচন কমিশনের সদর দপ্তরের দিকে মিছিল করেন।
সংসদ চত্বর থেকে শুরু হওয়া মিছিলে বিরোধী দলের সংসদ সদস্যদের হাতে ‘গণতন্ত্র বাঁচাও’ লেখা ব্যানার ছিল। তারা প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল এগিয়ে যাওয়ার সময় পুলিশ একাধিক স্থানে ব্যারিকেড দেয়। একপর্যায়ে রাহুল গান্ধী একটি ব্যারিকেডে উঠে জাতীয় পতাকা ওড়ান। পরে পুলিশ তাকে ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করে একটি বাসে তোলে।
তবে কিছুক্ষণ পর তারা বাস থেকে নেমে আবার নির্বাচন কমিশনের কার্যালয়ের দিকে হাঁটা শুরু করেন এবং পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
বিরোধীদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের ফলে প্রকৃত ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে নির্বাচন কমিশনের দাবি, ভুয়া, মৃত ও একাধিকবার থাকা ভোটারের নাম বাদ দিয়ে তালিকা শুদ্ধ করাই এই প্রক্রিয়ার উদ্দেশ্য।

মন্তব্য করুন