পাবনার সুজানগরের আমিনপুরে নিখোঁজের একদিন পর সুপ্রভাত মদক (৩৮) নামে এক ব্যবসায়ীর আগুনে ঝলসানো মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৮টার দিকে আহম্মদপুর ইউনিয়নের মিস্ত্রিপাড়া গ্রামের বাড়ির পেছনের একটি হলুদ ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত সুপ্রভাত মদক ওই গ্রামের সত্যচরণ মদকের ছেলে। তিনি কাশীনাথপুর বাজারে হোটেল ব্যবসা করতেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে স্ত্রীকে নিয়ে চিকিৎসকের কাছে যান সুপ্রভাত। চিকিৎসক দেখানোর পর স্ত্রীকে বাড়িতে পাঠিয়ে দিয়ে পরে নিজে ফেরার কথা জানান। এরপর তিনি আর বাড়ি বা ব্যবসাপ্রতিষ্ঠানে ফেরেননি।
পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে রাতে আমিনপুর থানায় বিষয়টি জানান। পরে পুলিশ তার মোবাইল ফোনের অবস্থান শনাক্তের চেষ্টা করে। রাত ১২টার দিকে ফোনটি চালু পাওয়া গেলেও কল করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
মঙ্গলবার সকালে স্থানীয়রা বাড়ির পাশের হলুদ ক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।


মন্তব্য করুন