দেবী দুর্গার সাজে হাজির হয়ে ভক্তদের নজর কেড়েছেন ঢালিউড অভিনেত্রী পরীমনি। লাল পাড়ের সাদা শাড়ি, মাথায় বিশাল মুকুট, গলায় ফুলের মালা আর শরীরভর্তি গয়নায় তাকে দেখা গেছে দেবী দুর্গার সাজে। হাতে ছিল পদ্মফুল। তার এই ব্যতিক্রমী সাজের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছেন অভিনেত্রী।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পেজে বিশেষ ফটোশুটের ভিডিওটি প্রকাশ করেন পরীমনি। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘শুভ শক্তির জয় হোক।’

পরীমনির এই সাজ দেখে মুগ্ধ হয়েছেন তার অনুসারীরা। মন্তব্যের ঘরে অনেকে তার রূপের প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, ‘পরী সব সাজেই পরী’, আবার কেউ তাকে আখ্যা দিয়েছেন ‘পুরো দুর্গা’ বলে। এক ভক্ত মন্তব্য করেছেন, পরীমনিকে দুর্গার সাজে দেখার ইচ্ছা ছিল তার, আর এবার সেই ইচ্ছাই পূরণ হয়েছে।

প্রকাশের মাত্র এক ঘণ্টার মধ্যেই ভিডিওটি ঘিরে ব্যাপক সাড়া পড়ে। পোস্টে প্রতিক্রিয়া ছাড়িয়ে যায় ৩৭ হাজার, মন্তব্য হয় প্রায় সাড়ে পাঁচ হাজার। পাশাপাশি ভিডিওটির ভিউ প্রায় সাড়ে পাঁচ লাখে পৌঁছায়। শেয়ারও হতে থাকে শত শত।

এদিকে, অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করছেন পরীমনি। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘সেপারেশন’ ওয়েব ফিল্মে অভিনয় করছেন তিনি। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ। সম্প্রতি সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে। তবে ওয়েব ফিল্মটির মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

দেবী দুর্গার সাজে পরীমনির এই উপস্থিতি বিনোদনপ্রেমীদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।