দুর্গাপূজা উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তিনটি সিনেমা—‘স্নেহের বন্ধন’, ‘কাট-পিস’ ও ‘চিরকুট’। তবে মুক্তির প্রথম তিন দিনেও দর্শকদের হলে টানতে পারেনি সিনেমাগুলো। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে জয় চৌধুরী ও মৌ খান অভিনীত ‘স্নেহের বন্ধন’। গত ১৬ অক্টোবর মুক্তির পর থেকেই সিনেমাগুলোর টিকিট বিক্রি নিয়ে হতাশার কথা জানিয়েছেন হল মালিকেরা। উৎসবের ছুটিতে দর্শকের ভিড় বাড়ার প্রত্যাশা থাকলেও বাস্তবে অনেক প্রেক্ষাগৃহে শো চালানোই কঠিন হয়ে পড়েছে।সবচেয়ে করুণ চিত্র ‘স্নেহের বন্ধন’ সিনেমার। রাজধানীর কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে প্রথম দিন সিনেমাটির ৩৭টি টিকিট বিক্রি হয়। তবে এর মধ্যে ৩৫টি টিকিট কিনেছিলেন সিনেমাটির প্রযোজক, পরিচালক, অভিনয়শিল্পী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। সাধারণ দর্শক কিনেছেন মাত্র দুটি টিকিট।

বরিশালের অভিরুচি সিনেমা হলেও একই চিত্র দেখা গেছে। প্রথম দিন দুপুরের শোতে ছয়জন এবং সন্ধ্যার শোতে নয়জন দর্শক সিনেমাটি দেখেন। পরদিন দুপুরের শোতে চারটি ও বিকেলের শোতে মাত্র দুটি টিকিট বিক্রি হয়। দর্শক না থাকায় রাতের কয়েকটি শো বন্ধ রাখতে হয়েছে।

হলটির ব্যবস্থাপক কবির জানান, দ্বিতীয় ও তৃতীয় দিনেও দর্শক উপস্থিতি ছিল হতাশাজনক। তাঁর মতে, ভালো গল্পের সিনেমা হলে দর্শক পাওয়া যায়, তবে ‘স্নেহের বন্ধন’ নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ কম।

অন্যদিকে, ইফফাত জাহান মম অভিনীত ‘কাট-পিস’ও প্রত্যাশিত সাড়া পায়নি। সিনেমাটি দেশের ২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। প্রথম দিন কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে এর মাত্র আটটি টিকিট বিক্রি হয়।

মুনতাসির আকিব পরিচালিত ‘চিরকুট’ বিশ্ববিদ্যালয়জীবনের স্মৃতি ও নব্বইয়ের দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত। তরুণ দর্শকদের মধ্যে কিছুটা আগ্রহ তৈরি হলেও টিকিট বিক্রিতে বড় পরিবর্তন আনতে পারেনি সিনেমাটি।

গাজীপুরের উল্কা সিনেমা হলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিক উদ্দিন জানান, পূজার প্রথম দুই দিনে প্রায় ২০ হাজার টাকার টিকিট বিক্রি হলেও তৃতীয় দিনে দর্শক কমেছে।

চলচ্চিত্রসংশ্লিষ্টদের মতে, দুর্বল গল্প, নির্মাণের সীমাবদ্ধতা এবং দর্শকদের রুচির পরিবর্তন সিনেমাগুলোর ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলেছে। উৎসবকে কেন্দ্র করে সিনেমা মুক্তি দিলেই দর্শক হলে আসবেন—এমন ধারণা থেকে বেরিয়ে এসে মানসম্মত গল্প ও নির্মাণে গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে।