লোকসংগীতের কিংবদন্তি শিল্পী ও বিচার গানের প্রবর্তক হালিম বয়াতির ৯৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকায় আয়োজন করা হচ্ছে ‘হালিম বয়াতি স্মরণোৎসব ২০২৬’। আগামী ৩০ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বরে বসবে এই আয়োজন। আলোচনা, স্মৃতিচারণা, বাউল গান ও স্মারকগ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে স্মরণ করা হবে গুণী এই শিল্পীকে।আয়োজক প্রতিষ্ঠান হারিকেন জানিয়েছে, ৩০ অক্টোবর বেলা ৩টায় শুরু হবে অনুষ্ঠান। প্রথম পর্বে থাকবে আলোচনা সভা। এতে আলোচক হিসেবে অংশ নেবেন লেখক ও গবেষক শফিকুর রহমান চৌধুরী, আলোকচিত্রী নাসির আলী মামুন, লেখক ও গবেষক তপন বাগচী এবং সাইমন জাকারিয়া।

এ ছাড়া হালিম বয়াতিকে নিয়ে স্মৃতিচারণা করবেন তার ছেলে নিশানে হালিম এবং দুই শিষ্য লাল মিয়া বয়াতি ও নজরুল বয়াতি। অনুষ্ঠানে প্রকাশ করা হবে শিল্পীকে নিয়ে একটি স্মারকগ্রন্থ।

আলোচনা পর্ব শেষে শুরু হবে বাউল গানের আসর। এতে প্রায় দুই ডজন শিল্পী সংগীত পরিবেশন করবেন। অংশ নেওয়ার কথা রয়েছে আলেয়া বেগম, ফকির আবুল সরকার, লতা দেওয়ান, রুমা সরকার, মুক্তা সরকার, বিমান চন্দ্র বিশ্বাস, বগা তালেব, আকাশ গায়েন, সোহাগ প্রামাণিক, জয়িতা অর্পাসহ আরও অনেকের।

১৯২৯ সালের ৩০ অক্টোবর মাদারীপুরে জন্মগ্রহণ করেন হালিম বয়াতি। তার পুরো নাম আবদুল হালিম মিয়া। মাত্র সাত বছর বয়সে গান গাওয়া শুরু করেন তিনি। পরবর্তী সময়ে নিজেই গান রচনায় দক্ষ হয়ে ওঠেন। তার রচিত গানের সংখ্যা পাঁচ হাজারের বেশি বলে জানা যায়।

লোকসংগীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০১ সালে বাংলা একাডেমির সম্মানসূচক ফেলোশিপ পান তিনি। এ ছাড়া অর্জন করেন কবি জসীমউদ্‌দীন গবেষক স্বর্ণপদক। সংগীতচর্চার পাশাপাশি মহান মুক্তিযুদ্ধেও অংশ নিয়েছিলেন এই শিল্পী।

২০০৭ সালের ২১ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন হালিম বয়াতি। তার গান ও লোকসংগীতে অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ স্মরণোৎসবের আয়োজন করা হচ্ছে।