ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণির জন্মদিনে ভক্তদের জন্য এসেছে নতুন সিনেমার খবর। তাঁর নতুন সিনেমার নাম ‘ফারজানা’। এটি পরিচালনা করছেন তারেক রহমান। সিনেমাটিতে সংগ্রামী এক নারীর চরিত্রে দেখা যাবে পরীমণিকে।
শনিবার (২৪ অক্টোবর) ছিল পরীমণির জন্মদিন। এ উপলক্ষে সন্ধ্যায় ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ে এলাকার একটি রেস্তোরাঁয় কাছের বন্ধু, সহকর্মী ও সাংবাদিকদের নিয়ে জমকালো আয়োজন করেন তিনি। জন্মদিনের এই অনুষ্ঠানেই নিজের নতুন সিনেমার খবর জানান অভিনেত্রী।
সিনেমাটির কাজের অগ্রগতি সম্পর্কে পরীমণি বলেন, প্রায় ছয় মাস আগেই সিনেমাটির জন্য তাঁর লুক চূড়ান্ত করা হয়েছে। তবে কাজ শুরু করতে গিয়ে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়েছে। বর্তমানে সিনেমাটির শুটিং চলছে। কিছু কাজ বাকি রয়েছে। সেগুলো শেষ করে বিস্তারিত জানাবেন বলে জানান তিনি।
পরিচালক তারেক রহমানও সিনেমাটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তাঁর ভাষ্য, ‘ফারজানা’ সিনেমার মধ্য দিয়ে তাঁরা একটি সুন্দর যাত্রা শুরু করতে যাচ্ছেন। এতে পরীমণিকে একজন সংগ্রামী নারীর চরিত্রে দেখা যাবে। দর্শক এ সিনেমায় অভিনেত্রীর নতুন রূপ আবিষ্কার করবেন বলেও আশা প্রকাশ করেন পরিচালক।
২০১৫ সালে শাহ আলম মণ্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পরীমণির। ক্যারিয়ারের শুরুতেই একসঙ্গে প্রায় দুই ডজন সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় আসেন তিনি। যদিও সেসব সিনেমার বেশ কয়েকটি শেষ পর্যন্ত নির্মিত হয়নি কিংবা মুক্তি পায়নি।
পরবর্তী সময়ে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ এবং চয়নিকা চৌধুরীর ‘বিশ্বসুন্দরী’ সিনেমায় অভিনয় করে প্রশংসা অর্জন করেন পরীমণি।
নতুন সিনেমা ‘ফারজানা’য় সংগ্রামী নারীর চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের কাছে কতটা গ্রহণযোগ্যতা পায়, এখন সেটিই দেখার অপেক্ষা।

মন্তব্য করুন