শনিবার দুপুর আড়াইটার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় সড়কে অবস্থান নেন শ্রমিকরা। এ সময় মাটিভর্তি বস্তা, কাঠ ও বাঁশ ফেলে আগুন জ্বালিয়ে দেন তারা।
শ্রমিকদের অভিযোগ, কয়েক দিন ধরে বেতন-ভাতা বাড়ানোর দাবি জানিয়ে আসছেন তারা। কিন্তু কারখানা কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত না নেওয়ায় কর্মবিরতিতে যান শ্রমিকরা। পরে শুরু করেন সড়ক অবরোধ।
এর আগে সকালে আন্দোলন ও ভাঙচুরের মতো পরিস্থিতি এড়াতে শ্রমিকদের সচেতন করতে একটি সভা অনুষ্ঠিত হয়। তবে সভা শেষ হওয়ার পরপরই বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে নেমে অবরোধ শুরু করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে রয়েছে কালিয়াকৈর থানা পুলিশ ও শিল্প পুলিশ। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। মালিকপক্ষের সঙ্গেও আলোচনা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

মন্তব্য করুন