পাবনার সোনাপাতিল বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। তাঁদের পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের গোপিনাথপুর এলাকার বিলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন আব্দুল্লাহ (২১), রব্বেল (২২), শাওন (২২), মিজান (১২), সাজিদ (১০) ও ইমন (১৪)। তাঁরা সবাই মালঞ্চি ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর ছুটির দিনে কয়েকজন মিলে বিলে মাছ ধরতে যান। এ সময় বৃষ্টি শুরু হলে তাঁরা বিলের একটি ছাউনিতে আশ্রয় নেন। সেখানেই বজ্রপাত হলে ছয়জন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় পড়ে ছিলেন আরও দুজন।
বিলের ওই অংশ দুর্গম হওয়ায় বৃষ্টি থামার বেশ কিছুক্ষণ পর স্থানীয়রা ঘটনাটি জানতে পারেন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাছ ধরতে গিয়ে হঠাৎ বজ্রপাতে এত বড় প্রাণহানির ঘটনা ঘটেছে।

মন্তব্য করুন