দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৫৩ জনের শরীরে সন্দেহজনক হাম শনাক্ত হয়েছে।
রোববার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৩১ অক্টোবর সকাল ৮টা থেকে ১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৩৫৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১ নভেম্বর পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ১৩ জনে।
এ সময়ে নতুন করে ৬৪ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৯৩৫ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ১ হাজার ২৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ হাজার ৯৫ জন।
মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, ১৫ মার্চ থেকে ১ নভেম্বর পর্যন্ত সন্দেহজনক হাম রোগে ১ হাজার ১৪৯ জন এবং নিশ্চিত হাম রোগে ১০৫ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে ৫৬৪ জন। অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রামে ২৬৪ জন, সিলেটে ১২৬ জন, বরিশালে ১২৯ জন, খুলনায় ৮৯ জন, ময়মনসিংহে ৮৯ জন, রংপুরে ৫১ জন এবং রাজশাহীতে ৪১ জন শনাক্ত হয়েছেন।

মন্তব্য করুন