পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে মিরপুর ১১, ১২ ও প্রশিকা মোড় এলাকাতেও বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা জড়ো হন। এতে কর্মজীবী মানুষসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন জানান, সকাল থেকেই শ্রমিকেরা সড়ক অবরোধ করে তাঁদের দাবি জানাচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মিরপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার আবুল বাসার মোল্ল্যা বলেন, শ্রমিকদের অবরোধের কারণে মিরপুর-১০ নম্বর দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। তবে বিকল্প পথে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছে পুলিশ।
এর আগের দিন শনিবারও বেতন বাড়ানোর দাবিতে মিরপুরে সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। পরে তাঁরা শাহ আলী এলাকায় জড়ো হন। সেখানে একটি পোশাক কারখানার নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। একপর্যায়ে একটি কারখানা ও বিপণিবিতানে ভাঙচুরের ঘটনা ঘটে। পরে কালশী আদর্শনগর এলাকার ‘২২ তলা’ পোশাক কারখানায়ও ইটপাটকেল নিক্ষেপ করেন শ্রমিকেরা।

মন্তব্য করুন