স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের একটি অংশ অসম্পূর্ণভাবে তুলে ধরে একাধিক গণমাধ্যম ফটোকার্ড প্রকাশ করেছে। এতে জুলাই জাতীয় সনদ নিয়ে তাঁর বক্তব্যের প্রকৃত অর্থ সম্পর্কে বিভ্রান্তি তৈরি হয়েছে।

রোববার (১ নভেম্বর) প্রকাশিত এক বিশ্লেষণে বিষয়টি তুলে ধরা হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আয়োজিত ‘গণতান্ত্রিক অভিযাত্রা সেমিনার সিরিজ’-এর প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে প্রণীত জুলাই জাতীয় সনদের কোনো আইনি ভিত্তি আছে কি না—এর উত্তর নেতিবাচক। তবে তিনি একই সঙ্গে বলেন, “এর রাজনৈতিক সমঝোতাটা আইনি ভিত্তির চাইতেও বেশি।”

কিন্তু কয়েকটি গণমাধ্যম তাঁর বক্তব্যের শুধু ‘আইনি ভিত্তি নেই’ অংশটুকু শিরোনামে ব্যবহার করে।

স্টার নিউজ, চ্যানেল২৪ ও দৈনিক ইনকিলাব ‘অন্তর্বর্তীকালীন সরকারের করা জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী’ শিরোনামে ফটোকার্ড প্রকাশ করে। অন্যদিকে দেশ টেলিভিশন ও দৈনিক ইত্তেফাক প্রকাশ করে ‘জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী’ শিরোনামে ফটোকার্ড।

বিশ্লেষণে বলা হয়েছে, বক্তব্যের গুরুত্বপূর্ণ পরবর্তী অংশ বাদ পড়ায় অনেকের কাছে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে জুলাই সনদবিরোধী অবস্থান হিসেবে মনে হয়েছে।

অথচ তাঁর বক্তব্যে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি না থাকার বিষয়টি উল্লেখ করার পাশাপাশি রাজনৈতিক সমঝোতার গুরুত্বকে আইনি ভিত্তির চেয়েও বেশি বলে তুলে ধরা হয়েছে।

ফলে বক্তব্যের পূর্ণাঙ্গ প্রেক্ষাপট বিবেচনা না করে শুধু একটি অংশ শিরোনামে প্রকাশ করায় পাঠক ও দর্শকদের মধ্যে ভুল ধারণা তৈরির সুযোগ সৃষ্টি হয়েছে।