মঙ্গলবার (৩ নভেম্বর) রাত পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, আশুলিয়া থানায় দুটি এবং সাভার মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে।
পুলিশ জানায়, সোমবার (২ নভেম্বর) রাতে আশুলিয়ার দুটি পৃথক কারখানার কর্তৃপক্ষ ভাঙচুরের অভিযোগে মামলা করে। এসব মামলায় অজ্ঞাতনামা ৮০০ থেকে এক হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে, সাভার মডেল থানায় দায়ের করা মামলাটি করেছে একটি কারখানা কর্তৃপক্ষ। শ্রমিক আন্দোলনের মধ্যে কারখানায় ভাঙচুর ও কর্মীদের ওপর হামলার অভিযোগে করা এ মামলায় অজ্ঞাতনামা এক হাজার ২০০ থেকে এক হাজার ৩০০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান জানান, সাভার ও আশুলিয়ায় দায়ের হওয়া তিনটি মামলায় মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
শিল্পাঞ্চলে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে কারখানায় ভাঙচুর ও হামলার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন