সোমবার (২ নভেম্বর) সকালে ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে রাতে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক ভারতীয় নাগরিকের নাম জহির শাহ গোলাম হোসেন (৪৩)। তিনি ভারতের মুম্বাইয়ের ছিতা ক্যাম্প এলাকার গোলাম হোসেন শের খানের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ভারতীয় পাসপোর্টধারী এক ব্যক্তি শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের চেষ্টা করছেন। এ তথ্যের ভিত্তিতে সকাল ৯টার দিকে ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি সোনা পাচারের বিষয়টি অস্বীকার করেন। পরে সন্দেহ হওয়ায় তাকে শারীরিক পরীক্ষার জন্য নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে শারীরিক পরীক্ষার মাধ্যমে তার মলদ্বারে বিশেষ কৌশলে বহন করা দুটি প্যাকেটে সোনার পেস্টের অস্তিত্ব শনাক্ত করা হয়। পরে সেগুলো উদ্ধার করা হলে মোট ৮১৩ দশমিক ৫০ গ্রাম সোনার পেস্ট পাওয়া যায়। বিজিবির হিসাবে উদ্ধার করা সোনার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৫ লাখ টাকা।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
সীমান্ত দিয়ে অবৈধভাবে স্বর্ণ পাচার প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মন্তব্য করুন