যাত্রীসেবার মান উন্নয়ন, ফ্লাইটের সময়ানুবর্তিতা নিশ্চিত করা এবং গ্রাউন্ড অপারেশনের সক্ষমতা বাড়াতে প্রায় ২২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এ উদ্যোগের অংশ হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০টি ইলেকট্রিক ভেহিকেল পরিচালনার পাশাপাশি নতুন করে ১৪৬টি গ্রাউন্ড সার্ভিস সরঞ্জাম যুক্ত করবে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, গ্রাউন্ড অপারেশনের সক্ষমতা বাড়াতে ইতোমধ্যে ১২ মিলিয়ন ডলারের এলসি খোলা হয়েছে। আগামী তিন থেকে চার মাসের মধ্যে নতুন সরঞ্জামগুলো যুক্ত করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটির কাছে ৫৯০টি গ্রাউন্ড সার্ভিস ইকুইপমেন্ট রয়েছে।

নতুন সরঞ্জামের তালিকায় রয়েছে এয়ারক্রাফট পুশব্যাক ট্রাক্টর, ব্যাগেজ বেল্ট লোডার, ব্যাগেজ ট্রাক্টর, প্যাসেঞ্জার বোর্ডিং স্টেয়ারস, গ্রাউন্ড পাওয়ার ইউনিট, ক্যাটারিং ট্রাকসহ বিভিন্ন ধরনের আধুনিক যন্ত্রপাতি।

প্রতিষ্ঠানটির বহর সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবেও এ বিনিয়োগ করা হচ্ছে। বর্তমানে ইউএস-বাংলার বহরে ২৫টি উড়োজাহাজ রয়েছে। ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে আরও ২১টি বোয়িং ৭৩৭ সিরিজের উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া বর্তমানে ১০টি দেশের ১৪টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে সংস্থাটি। ভবিষ্যতে আরও প্রায় ১৬টি নতুন আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিবেশবান্ধব কার্যক্রমের অংশ হিসেবে ৮০টি ইলেকট্রিক ভেহিকেলের জন্য চার্জিং অবকাঠামো স্থাপনের কাজও প্রক্রিয়াধীন রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বিমানবন্দরের গ্রাউন্ড অপারেশনে জ্বালানির ব্যবহার ও কার্বন নিঃসরণ কমবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

পাশাপাশি চট্টগ্রাম ও সিলেটে আঞ্চলিক হাব গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে ইউএস-বাংলার।