ভারতের মুম্বাই থেকে কানাডার টরন্টো যেতে চালু হয়েছে সরাসরি বিমান পরিষেবা। নতুন এই ফ্লাইট চালু করেছে ভারতের বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। ফলে এখন থেকে মাঝপথে বিমান পরিবর্তন ছাড়াই দুই শহরের মধ্যে যাতায়াত করতে পারবেন যাত্রীরা।

২০২৬-২৭ সালের শীতকালীন মৌসুমে মুম্বাই-টরন্টো রুটে সরাসরি ফ্লাইট পরিচালনাকারী একমাত্র বিমান সংস্থা হিসেবে যাত্রা শুরু করেছে এয়ার ইন্ডিয়া। আগামী ২০২৭ সালের ২৬ মার্চ পর্যন্ত সপ্তাহে তিন দিন এই পরিষেবা চালু থাকবে।

বিমান সংস্থার সূচি অনুযায়ী, প্রতি বুধবার, শুক্রবার ও রবিবার মুম্বাই থেকে ভোর ৪টায় এআই ১৯৩ ফ্লাইটটি টরন্টোর উদ্দেশে ছেড়ে যাবে। স্থানীয় সময় সকাল ১০টায় পৌঁছাবে গন্তব্যে। ফিরতি পথে এআই ১৯২ ফ্লাইটটি টরন্টো থেকে দুপুর ১২টা ৩০ মিনিটে ছেড়ে পরদিন দুপুর ২টা ১০ মিনিটে মুম্বাই পৌঁছাবে।

দুই রুটেই ব্যবহার করা হবে বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ।

এয়ার ইন্ডিয়ার চিফ কমার্শিয়াল অফিসার নিপুণ আগরওয়াল জানান, কানাডা তাদের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাজার। ভারত ও কানাডার মধ্যে পারিবারিক ও সামাজিক যোগাযোগ থাকায় সারা বছরই যাত্রীদের যাতায়াতের চাহিদা রয়েছে। নতুন ফ্লাইট সেই চাহিদা পূরণে সহায়তা করবে।

এদিকে ২০২৭ সালের জানুয়ারি থেকে মুম্বাই-টরন্টো রুটে বোয়িং ৭৭৭-৩০০ ইআর-এর পরিবর্তে বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজ ব্যবহারের পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

পাশাপাশি শীতকালীন মৌসুমে টরন্টোগামী ফ্লাইটে প্রথম শ্রেণি, বিজনেস শ্রেণি ও প্রিমিয়াম ইকোনমির আসন বাড়ানোর পরিকল্পনা করেছে এয়ার ইন্ডিয়া। এতে যাত্রীদের ভ্রমণে আরও বেশি আসন ও শ্রেণি নির্বাচনের সুযোগ তৈরি হবে।