রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের অধ্যক্ষ ড. মেহেরুন নেছাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে মধ্যরাতে পুলিশের বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ তদন্ত ও জড়িতদের শাস্তির দাবিতে প্রশাসনকে ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তারা।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনের আগে কলেজের সামনের সড়কের দুই পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে নীলক্ষেত মোড় থেকে আজিমপুর বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা দুই দফা দাবি তুলে ধরেন। প্রথম দাবিতে তারা বলেন, মধ্যরাতে শিক্ষার্থীদের ওপর পুলিশের কথিত হামলার ঘটনা তদন্তে আগামী ৭২ ঘণ্টার মধ্যে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে। একই সঙ্গে ঘটনায় জড়িত পুলিশ সদস্য ও কর্মকর্তাদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নিতে হবে।
দ্বিতীয় দাবিতে শিক্ষার্থীরা অধ্যক্ষ ড. মেহেরুন নেছাকে কলেজ ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন। তার পদত্যাগের বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কলেজের প্রশাসনিক কার্যক্রম, পাঠদান ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেন তারা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রশাসনের পক্ষ থেকে দাবি পূরণের সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তারা।
এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে অধ্যক্ষের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। আন্দোলনের একপর্যায়ে অধ্যক্ষকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়।
প্রায় ১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর রাত সাড়ে ১১টার দিকে পুলিশ অধ্যক্ষকে উদ্ধার করে। এ সময় শিক্ষার্থীদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ ওঠে।
আন্দোলনকারীদের দাবি, পুলিশের অভিযানে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। এ ছাড়া শিক্ষার্থীদের হাতুড়ি দিয়ে আঘাত করা এবং এক নারী শিক্ষার্থীর চুল ও হিজাব ধরে টানাহেঁচড়ার অভিযোগও তুলেছেন তারা।
তবে শিক্ষার্থীদের এসব অভিযোগের বিষয়ে পুলিশ ও কলেজ প্রশাসনের বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন