যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের প্রভাব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে—এমন আশঙ্কায় দেশটির শেয়ারবাজারে বড় ধরনের দরপতন হয়েছে। বৃহস্পতিবার ওয়াল স্ট্রিটের এক দিনের লেনদেনে বাজার মূলধন থেকে প্রায় ২ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার উধাও হয়ে গেছে। এই ধাক্কা ছড়িয়ে পড়েছে এশিয়ার শেয়ারবাজারেও।
শুক্রবার লেনদেনের শুরুতে দক্ষিণ কোরিয়ার প্রধান শেয়ারবাজার সূচক কোসপি প্রায় ৯ শতাংশ কমে যায়। পরিস্থিতি সামাল দিতে ২০ মিনিটের জন্য লেনদেন স্থগিত রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার প্রযুক্তিনির্ভর নাসডাক সূচক ৫ দশমিক ৫২ শতাংশ কমে যায়। এর ফলে সূচকটি কারেকশন অঞ্চলে প্রবেশ করে। গত ৬ অক্টোবরের রেকর্ড সর্বোচ্চ অবস্থান থেকে ১০ শতাংশের বেশি পতন হয়েছে নাসডাকে। ২০২৫ সালের এপ্রিলের পর এটিই সূচকটির সবচেয়ে খারাপ দিন। একই দিনে এসঅ্যান্ডপি ৫০০ ও ডাও জোনস সূচকেও বড় ধরনের পতন দেখা যায়।

বাজারে এই অস্থিরতার পেছনে অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে টেক্সাসের রাজনৈতিক পরিবর্তন। এআই ডেটা সেন্টার নির্মাণের গুরুত্বপূর্ণ কেন্দ্র টেক্সাসে ডেমোক্র্যাটিক প্রার্থী জিনা হিনোহোসা গভর্নর নির্বাচিত হয়েছেন। নির্বাচনী প্রচারে তিনি সাময়িকভাবে ডেটা সেন্টার নির্মাণ স্থগিত এবং করছাড় বাতিলের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এর প্রভাবে প্রযুক্তি খাতের বড় প্রতিষ্ঠানগুলোর শেয়ারে ব্যাপক দরপতন হয়েছে। এনভিডিয়ার শেয়ার কমেছে ৯ দশমিক ৩ শতাংশ। টেসলার শেয়ার ১১ শতাংশ এবং স্পেসএক্সের শেয়ার ৯ শতাংশ কমেছে।

এদিকে বিনিয়োগকারীদের আতঙ্ক পরিমাপক সূচক ভিক্স প্রায় ৭০ শতাংশ বেড়েছে, যা প্রায় দুই বছরের মধ্যে এক দিনে সর্বোচ্চ বৃদ্ধি।

বিশ্লেষকদের মতে, এআই খাতে অতিরিক্ত বিনিয়োগ ও শেয়ারমূল্যের অস্বাভাবিক উত্থানের পর এই সংশোধন বাজারের জন্য নতুন বিনিয়োগের সুযোগ তৈরি করতে পারে।