জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী ও এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের স্বামী-স্ত্রী ও তাদের আট মাস বয়সী শিশুসন্তান রয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের মেলান্দহ উপজেলার বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশাচালকসহ আরও দুজন আহত হয়েছেন।

নিহতরা হলেন ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারি এলাকার মোর্শেদ আলম (২৫), তার স্ত্রী ইকরামা (২০), তাদের আট মাস বয়সী মেয়ে রিফা এবং মোটরসাইকেল আরোহী শওকত হাসান লিখন (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শিমুলতলী থেকে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিল। একই সময়ে জামালপুর থেকে মেলান্দহের দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল। পথে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। পরে ট্রাকটি অটোরিকশাকে চাপা দিলে একই পরিবারের তিনজন ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর আহত মোটরসাইকেল আরোহী শওকত হাসান লিখনকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় আহত অটোরিকশাচালক হযরত আলী (৪২) ও যাত্রী শাকিলকে (১৬) উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.টি.এম. মাহমুদুল হক জানান, দুর্ঘটনায় একই পরিবারের তিনজন ঘটনাস্থলেই নিহত হন। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।