ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বদলে বিরোধী জোটের নেতা গাদি আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। পার্লামেন্ট নির্বাচনে কোনো পক্ষ একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নতুন সরকার গঠনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আরব দলগুলোর সমর্থন।
গত ২৭ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ১২০ আসনের মধ্যে ৫৩টি এবং আইজেনকোটের বিরোধী জোট ৪৮টি আসন পায়। আরব দলগুলো পেয়েছে ১৯টি আসন। সরকার গঠনে প্রয়োজন ৬১টি আসন।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, দায়িত্ব পাওয়ার পর থেকে আগামী ২৮ দিনের মধ্যে আইজেনকোটকে সরকার গঠন করতে হবে। প্রয়োজনে এ সময় আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে।
সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আইজেনকোট লিখেছেন, এখন একটি জাতীয় জরুরি সরকার গঠনের সময়। এ লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় সবকিছু করবেন বলেও জানান তিনি।
প্রেসিডেন্ট হারজগের দপ্তর জানিয়েছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শের পর আইজেনকোটকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী পদে আইজেনকোটের পক্ষে ৬৭টি আসনের সমর্থন এসেছে। অন্যদিকে নেতানিয়াহুর পক্ষে সমর্থন জানিয়েছে ৪৬টি আসন।
তবে সরকার গঠনে আরব দলগুলোর সঙ্গে জোট করতে এখনো অনীহা রয়েছে আইজেনকোটের। তার জোটের কয়েকটি ইহুদিবাদী দলও আরব দলগুলোর সঙ্গে একত্র হতে রাজি নয়। এ কারণে অতি-গোঁড়া ইহুদি দলগুলোর সঙ্গে আলোচনা চালাচ্ছে বিরোধী জোট।
আরব দলগুলোর সমর্থন ছাড়া সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন আইজেনকোটের জন্য কঠিন হতে পারে। ফলে ইসরায়েলের নতুন সরকার গঠনের সমীকরণে এখন তারাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মন্তব্য করুন