ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে ক্ষমতার পালাবদলের প্রেক্ষাপটে বিরোধী জোটের নেতা গাদি আইজেনকোটকে জাতীয় ঐক্য সরকার গঠনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে এ সরকার গঠনে আরব দলগুলোকে অন্তর্ভুক্ত না করার বিষয়ে সতর্ক করেছেন তিনি।

শনিবার রাতে দেওয়া এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, তার বর্তমান ডানপন্থি জোটের সব দলকে নিয়ে জাতীয় ঐক্য সরকার গঠন করতে হবে। একই সঙ্গে আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের বিরোধিতা করেন তিনি। তার দাবি, আরব দলগুলোকে সরকারে যুক্ত করা হলে ইসরায়েলের নিরাপত্তা ও রাষ্ট্রীয় অস্তিত্ব হুমকির মুখে পড়বে।

এর আগে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এক বিবৃতিতে জানান, তিনি গাদি আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেবেন। এর কিছুক্ষণ পরই নেতানিয়াহু ঐক্য সরকার গঠনের প্রস্তাব দেন।

তবে নেতানিয়াহুর প্রস্তাবে শর্ত রয়েছে, তার জোটের সব দলকে নতুন সরকারে অন্তর্ভুক্ত করতে হবে। এর মধ্যে বেজালেল স্মোট্রিচ ও ইতামার বেন-গভিরের মতো কট্টর ডানপন্থি নেতাদের দলও রয়েছে। তবে ঐক্য সরকারে কে প্রধানমন্ত্রী হবেন, সে বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য দেননি তিনি।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, নির্বাচনের পর সরকার গঠন নিয়ে নেতানিয়াহুর বক্তব্যে পরিবর্তন এসেছে। প্রথমে ডানপন্থি সরকার, পরে বৃহৎ জাতীয় সরকার এবং সর্বশেষ জাতীয় ঐক্য সরকার গঠনের আহ্বান জানিয়েছেন তিনি।

ভিডিও বার্তায় নেতানিয়াহু অভিযোগ করেন, আইজেনকোট তাড়াহুড়া করে আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের চেষ্টা করছেন। তার দাবি, এমন সরকার হামাসের বিরুদ্ধে কার্যকরভাবে লড়াই করতে এবং গাজা ও লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না।

অন্যদিকে, আইজেনকোট আগেই জানিয়েছেন, নেতানিয়াহুর সঙ্গে কোনো ধরনের জোট সরকার গঠনে তিনি আগ্রহী নন। ফলে জাতীয় ঐক্য সরকার গঠন নিয়ে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে অনিশ্চয়তা তৈরি হয়েছে।