জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে তাঁকে বহনকারী উড়োজাহাজটি ইস্তাম্বুলে অবতরণ করে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরা ইস্তাম্বুলে পৌঁছান। সেখানে যাত্রাবিরতি শেষে বিকেলে তাঁদের আন্তালিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় আন্তালিয়ার ম্যাক্স রয়্যাল হোটেলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ এবং বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

আগামী ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে কপ-৩১ সম্মেলন। ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন তিনি।

সফরকালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজন করা হচ্ছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রশাসকের সঙ্গেও বৈঠকের বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।

পররাষ্ট্র সচিব বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র শূন্য দশমিক শূন্য ৫ শতাংশ হলেও জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। তাই জলবায়ু ন্যায়বিচার, অভিযোজন অর্থায়ন এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা ও উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়ন বাংলাদেশের প্রধান অগ্রাধিকার।

সম্মেলনের গ্রিন জোনে বাংলাদেশের পক্ষ থেকে একটি পাট প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে। সেখানে পাটের বহুমুখী ব্যবহার, পরিবেশবান্ধব বৈশিষ্ট্য এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের সম্ভাবনা তুলে ধরা হচ্ছে। এ ছাড়া সম্মেলনের ব্লু জোনে ১২ ও ১৩ নভেম্বর জলবায়ু পরিবর্তনে নারীদের বিশেষ ঝুঁকি এবং পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রসার নিয়ে দুটি পার্শ্ব-আয়োজন করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল সম্মেলনে অংশ নিচ্ছে। সফর শেষে আগামী শুক্রবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।