মাত্র ২০ থেকে ২২ বছর বয়স। অথচ সম্পদের পরিমাণ শত কোটি থেকে কয়েকশ কোটি ডলার! কেউ পারিবারিক ব্যবসার উত্তরাধিকারী হয়ে বিশ্বের ধনীদের তালিকায় জায়গা করে নিয়েছেন, আবার কেউ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিজের চেষ্টায় গড়েছেন বিলিয়ন ডলারের সাম্রাজ্য।
ফোর্বসের সর্বশেষ রিয়েল-টাইম তালিকা অনুযায়ী, বিশ্বে ৩০ বছরের কম বয়সী বিলিয়নিয়ারের সংখ্যা ৩৫ জন। তাদের মধ্যে আলোচনায় রয়েছেন পাঁচ তরুণ ধনকুবের।
তালিকায় রয়েছেন ব্রাজিলের ২০ বছর বয়সী অ্যামেলি ভয়ট ত্রেজেস। বৈদ্যুতিক সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান ডব্লিউইজির পারিবারিক শেয়ারের সুবাদে তার সম্পদের পরিমাণ প্রায় ১ দশমিক ১ বিলিয়ন ডলার।
জার্মানির ২০ বছর বয়সী ইয়োহানেস ফন বাউম্বাখের সম্পদ প্রায় ৬ দশমিক ৬ বিলিয়ন ডলার। ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান বোহরিংগার ইনগেলহাইমের পারিবারিক উত্তরাধিকারী তিনি।
ইতালির ২১ বছর বয়সী ক্লেন্তে দেল ভেক্কিওর সম্পদ প্রায় ৬ দশমিক ৮ বিলিয়ন ডলার। রে-ব্যান ও ওকলির মূল প্রতিষ্ঠান এসিলরলুক্সোটিকার পারিবারিক অংশীদারিত্ব থেকে এসেছে তার বিপুল সম্পদ।
তবে উত্তরাধিকারের বাইরে চমক দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের ২২ বছর বয়সী সুরিয়া মিধা ও ব্রেন্ডন ফুডি। এআইভিত্তিক নিয়োগ প্ল্যাটফর্ম মার্কোর যৌথ প্রতিষ্ঠার মাধ্যমে দুজনেরই সম্পদ দাঁড়িয়েছে প্রায় ২ দশমিক ২ বিলিয়ন ডলারে।

মন্তব্য করুন