সোনার শহর হিসেবে পরিচিত দুবাই এবার পর্যটকদের জন্য আনছে আরও ব্যতিক্রমী আকর্ষণ। শহরটির গোল্ড ডিস্ট্রিক্টে তৈরি হচ্ছে ২৪ ক্যারেট সোনায় মোড়ানো হাঁটার পথ। চলতি বছরের শেষ নাগাদ এটি চালুর পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টদের দাবি, এটি হবে বিশ্বের প্রথম ও দীর্ঘতম সোনায় মোড়ানো হাঁটার পথ।

দুবাই গোল্ড ডিস্ট্রিক্টের বাণিজ্যিক বিভাগের জ্যেষ্ঠ পরিচালক রশিদ আল হারমুদি গাল্ফ টুডেকে জানিয়েছেন, আগামী দুই মাসের মধ্যে পথটির উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটির মাধ্যমে দুবাইয়ের ঐতিহ্যবাহী স্বর্ণবাজারকে নতুনভাবে পর্যটকদের সামনে তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক স্বর্ণবাণিজ্যের কেন্দ্র হিসেবে শহরটির অবস্থান আরও শক্তিশালী করতে চায় কর্তৃপক্ষ।

নতুন এই পথে হাঁটার পাশাপাশি পর্যটক ও স্থানীয় বাসিন্দারা আশপাশের অসংখ্য স্বর্ণালংকারের দোকান এবং বিলাসবহুল সামগ্রী কেনার সুযোগ পাবেন। এ উদ্যোগের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যের অন্যতম বড় স্বর্ণ ও গহনা বাণিজ্য প্রদর্শনীর আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

আল হারমুদি জানান, চলতি বছরের শুরু থেকে গোল্ড ডিস্ট্রিক্টে পাইকারি স্বর্ণ ব্যবসাপ্রতিষ্ঠানের সংখ্যা ২০ শতাংশ বেড়েছে। একই সময়ে স্বর্ণ, গহনা, মূল্যবান পাথর ও বিলাসবহুল ঘড়ির নতুন দোকান বেড়েছে ১৫ শতাংশ। আগামী এক বছরে ব্যবসাপ্রতিষ্ঠানের সংখ্যা আরও ১০ থেকে ২০ শতাংশ বাড়তে পারে বলে আশা করছে কর্তৃপক্ষ।

দুবাইয়ের ঐতিহ্যবাহী ডেরা এলাকার স্বর্ণবাজারে রয়েছে প্রায় ৪০০টি দোকান। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ব্যবসায়ী ও পর্যটকেরা সেখানে আসেন। নতুন সোনালি পথ চালুর মধ্য দিয়ে সেই বাজারের আকর্ষণ আরও বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের।