আর্জেন্টিনা জাতীয় দলের প্রথম ম্যাচের আগে বড় স্বস্তির খবর এসেছে দলের জন্য। চোটে থাকা প্রধান গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসকে নিয়ে আপাতত কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে কোচিং স্টাফ।

ইউরোপের ক্লাব অ্যাস্টন ভিলার হয়ে ইউরোপা লিগ ফাইনালের আগে ডান হাতের আঙুলে চোট পান মার্তিনেস। এরপর থেকেই তিনি পুরোপুরি স্বাভাবিক অনুশীলনে ফিরতে পারেননি। যদিও সাম্প্রতিক সময়ে দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন, তবে এখনো তিনি পুরোপুরি ম্যাচ ফিট নন।

চোটের কারণে হন্ডুরাসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি এই ৩৩ বছর বয়সী গোলরক্ষক। আগামী প্রস্তুতি ম্যাচেও তাকে বিশ্রামে রাখা হয়েছে।

তবে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, মার্তিনেসের অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তার ব্যান্ডেজ শিগগিরই খুলে দেওয়া হতে পারে এবং পুনর্বাসন প্রক্রিয়া ইতিবাচকভাবে এগোচ্ছে।

দলের ভেতর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে মার্তিনেসকে পাওয়ার বিষয়ে এখন কোনো শঙ্কা নেই। তবে বিকল্প হিসেবে প্রস্তুত রাখা হচ্ছে জেরোনিমো রুলি ও হুয়ান মুসোকে।

গোলরক্ষক পজিশনে গভীরতা নিশ্চিত করতে আর্জেন্টিনা কোচিং স্টাফ ইতোমধ্যেই পরিকল্পনা এগিয়ে নিচ্ছে, যাতে যেকোনো পরিস্থিতিতে দল প্রস্তুত থাকে।