ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সহিংসতা ও লুটপাটের ঘটনা ছড়িয়ে পড়লেও নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার প্যারিসে অনুষ্ঠিত হওয়ার কথা প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও বার্সেলোনার মধ্যকার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ ম্যাচটি আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত সপ্তাহান্তে দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভকে কেন্দ্র করে সহিংসতা ও লুটপাটের ঘটনা ঘটে। এসব ঘটনায় সিটি হল, সরকারি ভবন ও শত শত ব্যবসাপ্রতিষ্ঠান হামলার শিকার হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
নতুন করে দাঙ্গা ও লুটপাট ঠেকাতে সোমবার ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু বিভিন্ন শহরের নির্দিষ্ট কিছু এলাকায় সীমিত পরিসরে কারফিউ জারির নির্দেশ দেন।
এমন পরিস্থিতিতে মঙ্গলবার প্যারিসের পার্ক দে প্রিন্সেসে পিএসজি ও বার্সেলোনার ম্যাচ ঘিরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কয়েক সপ্তাহ ধরে শিক্ষার্থীদের বিক্ষোভ চলায় পুলিশের ওপর বাড়তি চাপ রয়েছে।
গত মে মাসেও পিএসজির দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের উদ্যাপন ঘিরে প্যারিসে সহিংসতা ছড়িয়ে পড়েছিল। সে সময় একদল মানুষ রাজধানীর একটি পুলিশ স্টেশনে প্রবেশের চেষ্টা করলে কয়েক ডজন ব্যক্তিকে আটক করে পুলিশ।
সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী নুনেজ জানান, ফুটবল ম্যাচসহ আগে থেকে নির্ধারিত বিভিন্ন আয়োজন বাতিলের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। তবে পিএসজি ও বার্সেলোনার ম্যাচের ক্ষেত্রে এমন সিদ্ধান্ত কার্যকর হবে না বলে তিনি স্পষ্ট করেন।
নুনেজ আরও জানান, চলতি সপ্তাহে ইউরোপীয় প্রতিযোগিতার অন্য ম্যাচগুলোও নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এর মধ্যে বুধবার উত্তর ফ্রান্সের লিলে লিল ও গালাতাসারাইয়ের ম্যাচ রয়েছে। সপ্তাহান্তে ওই শহরেও বিভিন্ন দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
ফ্রান্সের অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে এখন ম্যাচ আয়োজনের পাশাপাশি খেলোয়াড়, দর্শক ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করাই আয়োজকদের জন্য বড় চ্যালেঞ্জ।

মন্তব্য করুন