দেশের প্রশাসনিক কাঠামোয় আসছে নতুন পরিবর্তন। প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। পাশাপাশি একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি-নিকারের সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

অনুমোদন অনুযায়ী, কক্সবাজারের চকরিয়া থানা বিভক্ত করে কোনাখালী ইউনিয়নের বটতলীতে স্থাপন করা হবে নতুন ‘মাতামুহুরী থানা’।

অন্যদিকে, বগুড়ার শিবগঞ্জ থানা বিভক্ত করে নবগঠিত মোকামতলা উপজেলায় স্থাপন করা হবে ‘মোকামতলা থানা’।

এ ছাড়া বগুড়ার মোকামতলা এবং সিলেটের জৈন্তাপুরে নতুন দুটি পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

থানার নামেও আসছে পরিবর্তন। ময়মনসিংহের পাগলা থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার সিদ্ধান্ত হয়েছে।

পাশাপাশি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এবং কুমিল্লার বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তরের স্থানও পরিবর্তন করা হয়েছে।

সরকারের আশা, এসব প্রশাসনিক পুনর্বিন্যাসের ফলে স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা আরও সহজ হবে এবং প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে।