অবশেষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে আনা পারমাণবিক জ্বালানির শেষ চালানও পৌঁছেছে প্রকল্প এলাকায়। এর মধ্য দিয়ে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটের জন্য নির্ধারিত নয়টি চালানে জ্বালানি আমদানির প্রক্রিয়া সম্পন্ন হলো। এখন অপেক্ষা পূর্ণাঙ্গভাবে বিদ্যুৎ উৎপাদনের।

শুক্রবার, ২৭ নভেম্বর, ভোর ৫টা ৪৮ মিনিটে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি রূপপুর প্রকল্প এলাকায় প্রবেশ করে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পৌঁছায় এই শেষ চালান।

প্রকল্প-সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম ইউনিটের জন্য দুটি চালানে ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি চালানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনার পরিকল্পনা ছিল। সর্বশেষ চালান পৌঁছানোর মধ্য দিয়ে এই প্রক্রিয়া শেষ হয়েছে।

রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর বিদ্যুৎকেন্দ্রে রয়েছে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট। প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। অর্থাৎ দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে যুক্ত হবে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ।

এদিকে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহও চলছে। গত ১৭ নভেম্বর প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হয় এই ইউনিট। ওই পরীক্ষায় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। পরে ২৩ নভেম্বর দ্বিতীয় দফায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরীক্ষা শুরু হয়।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এই অর্জনকে দেশের জন্য আনন্দের সংবাদ হিসেবে উল্লেখ করেছেন।

প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছে, চুক্তি অনুযায়ী, প্রথম ইউনিটে ১০ মাসের ট্রায়াল অপারেশন চলবে। এরপর ধাপে ধাপে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।

জ্বালানি আমদানির শেষ ধাপ সম্পন্ন হওয়ায় রূপপুর প্রকল্পের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন মাইলফলক। এখন দেশবাসীর অপেক্ষা, কবে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন শুরু করে জাতীয় গ্রিডে বড় পরিসরে অবদান রাখবে রূপপুর।