রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়েছে। এ মামলায় আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) রায় ঘোষণা করবেন হাইকোর্ট। সোমবার (১৬ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ রায়ের দিন নির্ধারণ করেন।

মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষ দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড বহাল রাখার আবেদন জানায়। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, সোহেল রানার দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি স্বেচ্ছায় ছিল এবং তাতে অপরাধের বিস্তারিত বিবরণ উঠে এসেছে। পাশাপাশি পারিপার্শ্বিক সাক্ষ্য-প্রমাণও তার অপরাধ প্রমাণ করে।

স্বপ্না খাতুনের বিষয়ে রাষ্ট্রপক্ষের দাবি, তিনি পুরো ঘটনা সম্পর্কে অবগত ছিলেন এবং স্বামীকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন। অপরাধ সংঘটনে তার প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততা রয়েছে। তাই দুজনেরই মৃত্যুদণ্ড বহাল রাখার পক্ষে যুক্তি দেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

অন্যদিকে আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান বলেন, ধর্ষণ ও হত্যাকাণ্ডে স্বপ্না খাতুনের সম্পৃক্ততার যথেষ্ট প্রমাণ নেই। তাই তাকে খালাস দেওয়ার আবেদন জানান তিনি।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ মে পল্লবীর সেকশন-১১, ব্লক-বির একটি বাসায় রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। হত্যার পর জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল রানা। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রামিসার বাবা পল্লবী থানায় মামলা করেন।

গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে সোহেলকে পাঁচ লাখ এবং স্বপ্নাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ রামিসার আইনগত উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশও দেন আদালত।

পরবর্তী সময়ে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি দুই আসামি জেল আপিল করেন। এখন হাইকোর্টের রায়ের অপেক্ষায় রয়েছে মামলাটি।