পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে নতুন যুগে প্রবেশ করল বাংলাদেশ। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সফলভাবে জাতীয় গ্রিডে যুক্ত করা হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে প্রথম ইউনিট থেকে এই বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা সৈকত আহমেদ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাথমিক এই পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময় বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত ব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা শেষে কেন্দ্রটি কিছু সময়ের জন্য গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে এবং পরবর্তীতে ২৮ ঘণ্টা বিরতি দিয়ে পুনরায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য সংযুক্ত করে আরও পরীক্ষা চালানো হবে।
সব পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলে চলতি মাসের ২১ তারিখ বা তার কাছাকাছি সময়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। রাশিয়ার সহযোগিতায় নির্মিত ২৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই মেগা প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৩ হাজার কোটি টাকারও বেশি।

মন্তব্য করুন