বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির সভায় কঠিন প্রশ্ন ও সমালোচনার মুখে পড়েছেন টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। তাঁর দায়িত্ব পালন, কোচিং কার্যক্রম এবং বিদেশ সফর নিয়ে দুই সহ-সভাপতিসহ একাধিক কর্মকর্তা অসন্তোষ প্রকাশ করেছেন।

বুধবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত বাফুফের নির্বাহী কমিটির সভায় এসব বিষয়ে টিটুকে জবাবদিহি করতে হয়।

সভায় এক সহ-সভাপতি প্রশ্ন তোলেন, টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি টিটু কেন বিভিন্ন বয়সভিত্তিক দলের প্রধান কোচ হয়ে বিদেশ সফর করছেন? বছরের বড় একটি সময় কোচিং কোর্স পরিচালনায় ব্যস্ত থাকার পরও তাঁর এমন ভূমিকা নিয়ে আপত্তি জানান তিনি।

এ ছাড়া এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) অর্থায়নে নিয়োগ পাওয়া বাফুফের কোচদের কার্যক্রম নিয়েও প্রশ্ন ওঠে। জেলা পর্যায়ে প্রতিভা অন্বেষণ ও তৃণমূল ফুটবলের উন্নয়নে নিয়োজিত এসব কোচের কাজের মূল্যায়ন কোথায়, তা জানতে চান আরেক সহ-সভাপতি।

জাতীয় দলের কোচ নিয়োগ এবং বিদেশি কোচদের সহকারী নির্বাচনের বিষয়েও টেকনিক্যাল বিভাগের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে কয়েকজন বিদেশি কোচের নিয়োগ প্রক্রিয়ায় টিটুর সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন উঠলেও বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি।

সভায় প্রো লাইসেন্স কোচিং কোর্স আয়োজনের বিষয়টিও উঠে আসে। এএফসির নিয়ম অনুযায়ী জাতীয় দলের কোচ হতে প্রো লাইসেন্স প্রয়োজন।

এদিকে, বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে দল অন্তর্ভুক্তি নিয়েও এক ঘণ্টার বেশি আলোচনা হয়। ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ও উত্তর বারিধারাকে লিগে সুযোগ দেওয়া নিয়ে কর্মকর্তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়।

সব মিলিয়ে সভায় একাধিক বিষয়ে উত্তপ্ত আলোচনা হয়েছে। এমনকি আলোচ্যসূচিতে না থাকা একটি বিষয় নিয়ে সাধারণ সম্পাদকের সঙ্গে এক নির্বাহী সদস্যের উত্তপ্ত বাক্যবিনিময় ও হুমকির ঘটনাও ঘটে। পরে এক সহ-সভাপতি পরিস্থিতি শান্ত করেন।