মধ্য গাজায় ইসরায়েলের রাতভর বিমান হামলায় হামাসের উপশিক্ষামন্ত্রী খালেদ আবু নাদা ও তাঁর স্ত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ যৌথ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত খালেদ আবু নাদা হামাস পরিচালিত প্রশাসনের অর্থনীতি ও শিক্ষাবিষয়ক দপ্তরের দায়িত্বে ছিলেন। তাঁর বয়স ছিল ৫৬ বছর।

স্থানীয় সূত্র ও ফিলিস্তিনি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মধ্য গাজার দেইর আল-বালাহ শহরের পশ্চিমাঞ্চলে চালানো দুটি প্রাণঘাতী হামলার একটিতে খালেদ আবু নাদা এবং তাঁর স্ত্রী আবির মোহাম্মদ আবু নাদা নিহত হন।

ইসরায়েলের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা ও সদস্যদের লক্ষ্য করে পরিচালিত ধারাবাহিক অভিযান এবং লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ডের অংশ হিসেবেই এই হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে আরও দাবি করা হয়, গত এক মাসে হামাসের প্রায় ৮০ জন সদস্যকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। সংগঠনটির সদস্যদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখারও ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

এর আগে, মাত্র এক দিন আগে হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার প্রধান নাঈম আবু নাহলকে হত্যার দাবি করেছিল ইসরায়েল। গাজায় ইসরায়েলের ধারাবাহিক হামলায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।