রাজধানীর পল্লবীতে পার্কিং করে রাখা মধুমতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটির ভেতরের অধিকাংশ আসন ও জানালার গ্লাস পুড়ে গেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে পল্লবী থানার সেকশন-১১-এর ব্লক-বি, লাইন-৭ এলাকায় বিহারি মিল্লাত ক্যাম্পসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন জানান, বাসটি মালিকের বাসার সামনে পার্কিং করা ছিল। এ সময় অজ্ঞাত ব্যক্তিরা বাসটিতে আগুন দেয়। এতে বাসটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, ঢাকা মেট্রো-ব-১১-৭২১৫ নম্বরের বাসটিতে আগুন দেওয়ার পর স্থানীয় লোকজন বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে বাসের ভেতরের অধিকাংশ আসন ও গ্লাস পুড়ে গেছে।

মন্তব্য করুন