দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও খাদ্যনিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে পোল্ট্রি শিল্প। বর্তমানে দেশে দুই লাখের বেশি বাণিজ্যিক ও প্রান্তিক পোল্ট্রি খামার রয়েছে। এসব খামারে প্রতিদিন উৎপাদিত হচ্ছে প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম। এ খাতে বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এসব তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, পোল্ট্রি শিল্প দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে। বর্তমানে এ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৬০ লাখ মানুষ জড়িত, যাদের ৪০ শতাংশ নারী। পাশাপাশি প্রায় ১৫ লাখ প্রান্তিক খামারি পশুপালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন।

প্রধানমন্ত্রী জানান, দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদার ৫৬ শতাংশ পূরণ হচ্ছে দুধ, মাংস ও ডিম থেকে। চলতি অর্থবছরে স্থির মূল্যে জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ। কৃষিজ জিডিপিতে এ খাতের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ।

খাতটির অন্যতম চ্যালেঞ্জ হিসেবে রোগবালাইয়ের কথা উল্লেখ করে তিনি জানান, বর্তমানে প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান থেকে ১৭টি রোগের টিকা উৎপাদিত হচ্ছে। তবে চাহিদা পূরণে আধুনিক ভ্যাকসিন উৎপাদন প্ল্যান্ট তৈরির উদ্যোগ নিয়েছে সরকার।

তারেক রহমান আরও বলেন, ২০২৬ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে প্রাণিসম্পদ খাত থেকে ১০৪ দশমিক ৬৪ লাখ মার্কিন ডলার রপ্তানি আয় হয়েছে। হ্যাচিং এগ বা বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম রপ্তানির মাধ্যমে বাংলাদেশ নতুন সম্ভাবনার দ্বারও উন্মোচন করেছে।

পোল্ট্রি ও প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও রপ্তানিমুখী করতে উন্নত প্রযুক্তি, খামারি প্রশিক্ষণ, সহজ ঋণ, টিকাদান এবং মানসম্মত উৎপাদনব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।