রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার পেছনে চুরির পরিকল্পনা ছিল বলে জানিয়েছে পুলিশ। বাড়িতে টাকা ও স্বর্ণালংকার থাকার তথ্য পেয়ে চুরি করতে গিয়ে পরিবারের সদস্যদের হাতে ধরা পড়ার আশঙ্কায় একে একে চারজনকে হত্যা করেন দুই আসামি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ। তিনি জানান, তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ২১ আগস্ট রাতে চুরির উদ্দেশে গণপতি চক্রবর্তীর বাড়িতে প্রবেশ করেন সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস। বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ছাদে অপেক্ষা করছিলেন তারা। এ সময় ইয়াবা সেবনও করেন। একপর্যায়ে শব্দ শুনে ছাদে গেলে গণপতি চক্রবর্তী তাদের দেখে ফেলেন। এরপর তার গলায় থাকা গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগমী ও ১২ বছর বয়সী ছেলে আয়ুশকেও হত্যা করেন তারা।

পুলিশ জানিয়েছে, দুই আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামতের ডিএনএ পরীক্ষায় তাদের উপস্থিতির প্রমাণ মিলেছে। তাদের দেখানো মতে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া স্বর্ণালংকার ও অন্যান্য সামগ্রী।

মামলার তদন্ত শেষে ৫৩ জন সাক্ষী ও ৬৬টি আলামতসহ অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।

তবে পুলিশের তদন্তে সন্তুষ্ট নন নিহত গণপতির বড় ভাই ও মামলার বাদী গোপীনাথ চক্রবর্তী। তার দাবি, দুই ব্যক্তির পক্ষে চারজনকে হত্যা করা সম্ভব নয়। এর পেছনে আরও কেউ জড়িত থাকতে পারে। প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তিনি।