রাজধানীর শেরেবাংলা নগরে নতুন বাংলাদেশ সচিবালয় নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর আগামী ১৬ ডিসেম্বর স্থাপন করা হবে। বিজয় দিবসে এ কর্মসূচি আয়োজনের বিষয়ে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

বুধবার (২৫ নভেম্বর) মন্ত্রণালয় থেকে জারি করা এক চিঠিতে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

চিঠি অনুযায়ী, গত ১৮ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে শেরেবাংলা নগরে বাংলাদেশ সচিবালয় স্থাপন বা স্থানান্তরের প্রস্তাব নীতিগত অনুমোদন পায়। ওই বৈঠকেই ১৬ ডিসেম্বর প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের বিষয়টি আলোচনায় আসে। পরে প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়ার পর নির্ধারিত দিনে উদ্বোধনী আয়োজনের প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়।

পরিকল্পনা অনুযায়ী, পুরোনো বাণিজ্যমেলার মাঠের প্রায় ৩১ দশমিক ৫৮ একর জমিতে তিনটি বেজমেন্টসহ ১৪টি ১২ তলা ভবন নির্মাণ করা হবে। প্রকল্পে মোট প্রায় ৩৩ লাখ ১৬ হাজার বর্গফুট জায়গা থাকবে। পাশাপাশি ৩ হাজার ৮০০টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা এবং প্রায় ৩০ শতাংশ জায়গায় সবুজায়ন ও জলাধার রাখার পরিকল্পনা রয়েছে। ২০২৯ সালের মধ্যে নতুন সচিবালয়ে প্রশাসনিক কার্যক্রম শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তবে প্রকল্পটি নিয়ে আপত্তি রয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের। তাদের দাবি, মাঠটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি। সেখানে সচিবালয় নির্মিত হলে গবেষণা, শিক্ষা ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। এ দাবিতে গত অক্টোবর ও নভেম্বর মাসে শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।

অন্যদিকে, গণপূর্ত মন্ত্রণালয়ের দাবি, জমিটি গণপূর্তের নামে নিবন্ধিত। তবে বিশ্ববিদ্যালয়ের মালিকানাসংক্রান্ত দাবিও খতিয়ে দেখা হবে।

সরকারের ভাষ্য, বর্তমান সচিবালয়ের পুরোনো ভবনগুলোর ঝুঁকিপূর্ণ অবস্থা, জায়গার সংকট এবং প্রশাসনিক আধুনিকায়নের প্রয়োজনেই স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।