বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় পাঠানোর কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, প্রথম দফায় ১১২ জন কর্মী মালয়েশিয়ায় যাচ্ছেন। পর্যায়ক্রমে প্রায় ১০ হাজার কর্মীকে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই দেশটিতে পাঠানোর লক্ষ্য রয়েছে সরকারের। দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়া সরকারের সহযোগিতায় আবারও দেশটির শ্রমবাজার চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি।
কর্মীদের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, বিদেশে যাওয়ার আগে প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের আরও যোগ্য করে তুলতে চায় সরকার। আগামী কয়েক মাসের মধ্যে বিভিন্ন দেশে কর্মী পাঠানোর আগে তাদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হবে। এতে কর্মীরা বিদেশে গিয়ে কাজ করতে আরও সুবিধা পাবেন।
মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি নির্ভর করে প্রবাসীদের কাজ ও আচরণের ওপর। তাই সংশ্লিষ্ট দেশের আইন, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি সম্মান দেখিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
বোয়েসেলের মাধ্যমে ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি ও নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে কর্মীদের নির্বাচন করা হয়েছে। নির্বাচিতরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে মাসিক ১ হাজার ৭০০ রিঙ্গিত মূল বেতনে তিন বছরের নবায়নযোগ্য চুক্তিতে কাজ করবেন। পাশাপাশি নিয়োগকর্তার পক্ষ থেকে আবাসন ও চিকিৎসাসুবিধা দেওয়া হবে। অভিবাসনসংক্রান্ত সব ব্যয় বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান।
এ কর্মসূচির আওতায় আগামী ডিসেম্বরে আরও ২২৫ জন কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে। এ ছাড়া মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।
উল্লেখ্য, চলতি বছরের জুনে মালয়েশিয়া সফরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে বাংলাদেশের শ্রমবাজার পুনরায় চালু এবং কর্মী নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও সাশ্রয়ী করার বিষয়ে আলোচনা করেন তারেক রহমান।

মন্তব্য করুন