দেশের পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ আবারও তীব্র হয়ে উঠেছে। মজুরি বৃদ্ধির দাবিতে সাভার-আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ, সড়ক অবরোধ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) এসব ঘটনায় সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
শ্রমিকদের দাবি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করতে হবে। অন্যদিকে, নিম্নতম মজুরি বোর্ডে শ্রমিক প্রতিনিধির প্রস্তাব ৩২ হাজার টাকা। তবে মালিকপক্ষ এখনো আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেয়নি। আগামী ২৩ নভেম্বর বোর্ডের সভায় তাদের প্রস্তাব দেওয়ার কথা রয়েছে।
মজুরি নির্ধারণে বিলম্ব এবং শ্রমিকদের প্রত্যাশা পূরণ না হওয়ার অনিশ্চয়তায় শিল্পাঞ্চলে অস্থিরতা বাড়ছে। ফলে প্রশ্ন উঠেছে, নতুন মজুরি ঘোষণা হলেই কি পরিস্থিতি স্বাভাবিক হবে?
মঙ্গলবার সকাল থেকে সাভারের হেমায়েতপুর, পদ্মার মোড়, বাগবাড়ি, আশুলিয়ার খেজুরবাগান ও জামগড়াসহ বিভিন্ন এলাকায় শ্রমিকরা বিক্ষোভ করেন। কোথাও সড়কে টায়ার ও বর্জ্য ফেলে আগুন জ্বালিয়ে অবরোধ করা হয়। পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।
গাজীপুরের জয়দেবপুর, চান্দনা চৌরাস্তা, ভোগড়া, সাইনবোর্ড ও নাওজোড় এলাকায় শ্রমিকদের বিক্ষোভে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
অস্থিরতার কারণে গাজীপুরে ১৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সাভার-আশুলিয়ায় শ্রম আইন অনুযায়ী আটটি কারখানা বন্ধ রয়েছে। পাশাপাশি কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
গত ১ নভেম্বর সরকার নতুন মজুরি নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেয়। ১৬ নভেম্বর মালিকপক্ষের প্রস্তাব জমা দেওয়ার কথা থাকলেও শ্রমিক প্রতিনিধি আনোয়ার হোসাইনের অসুস্থতার কারণে সভা স্থগিত করা হয়। নতুন তারিখ নির্ধারণ হয়েছে ২৩ নভেম্বর।
বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান এবং বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামিম এহসান দ্রুত মজুরি নির্ধারণের ওপর গুরুত্ব দিয়েছেন। তাদের মতে, আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের লক্ষ্য সামনে রেখে দ্রুত সিদ্ধান্ত নেওয়া জরুরি।
বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল মনে করেন, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও ন্যায্য মজুরির পাশাপাশি মালিকদের উৎপাদন ব্যয় এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার বিষয়টিও বিবেচনায় নিতে হবে। আলোচনা দীর্ঘায়িত হলে শ্রমিকদের অনিশ্চয়তা বাড়বে বলেও মনে করেন তিনি।
বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আখতারও দ্রুত মজুরি নির্ধারণ ও বাস্তবায়নের দাবি জানিয়েছেন। তাঁর মতে, বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে গ্রহণযোগ্য মজুরি ঘোষণা করা জরুরি।
সংশ্লিষ্টদের মতে, শুধু মজুরি ঘোষণা করলেই অস্থিরতা পুরোপুরি কাটবে না। ঘোষিত মজুরি যথাসময়ে বাস্তবায়ন এবং শ্রমিক-মালিকের মধ্যে কার্যকর সমঝোতা নিশ্চিত করতে হবে। তাই আগামী ২৩ নভেম্বরের মজুরি বোর্ডের সভার সিদ্ধান্তই এখন পোশাকশিল্পের পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

মন্তব্য করুন