অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে জীবাণুর প্রতিরোধক্ষমতা তৈরি হওয়ার কারণে বাংলাদেশে প্রতি বছর প্রায় সোয়া লাখ মানুষের মৃত্যু হচ্ছে। এ ছাড়া বিপুলসংখ্যক রোগীকে দীর্ঘ সময় হাসপাতালে থাকতে হচ্ছে, বাড়ছে চিকিৎসার ব্যয়ও।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বনানীর হোটেল সারিনায় আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত।

তিনি বলেন, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। তবে চিকিৎসক ও রোগীদের আচরণগত পরিবর্তন ছাড়া শুধু সচেতনতা দিয়ে এই সংকট মোকাবিলা সম্ভব নয়। ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে কার্যকর নীতিমালা প্রণয়ন ও কঠোর বাস্তবায়ন জরুরি।

প্রতিমন্ত্রী জানান, অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সরকার ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে। এর আওতায় ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড ও ই-প্রেসক্রিপশন ব্যবস্থা চালু হলে ওষুধ ব্যবহারের ওপর নজরদারি সহজ হবে।

তিনি আরও বলেন, সরকারি হাসপাতালের ফার্মেসিগুলোকে সমন্বিত নেটওয়ার্কের আওতায় আনা হবে। এতে বিনামূল্যের ওষুধের অপচয় কমানোর পাশাপাশি রোগীদের কাছে মানসম্মত ওষুধ পৌঁছানো নিশ্চিত করা সম্ভব হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে চিকিৎসা, ফার্মেসি ও নার্সিং শিক্ষার পাঠ্যক্রম পর্যালোচনা বিষয়ক এ কর্মশালার আয়োজন করে সেন্টার ফর মেডিকেল এডুকেশন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. নাজমুল হোসেন বলেন, দেশে বিভিন্ন রোগের চিকিৎসায় কোন অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে, সে বিষয়ে নির্দিষ্ট প্রটোকল থাকলেও অনেক চিকিৎসক এ সম্পর্কে যথেষ্ট অবগত নন। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবিলায় চিকিৎসা শিক্ষার পাঠ্যক্রমের ঘাটতি চিহ্নিত করে তা দূর করতে হবে।

কর্মশালায় স্বাস্থ্য খাতের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, চিকিৎসক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।