মস্তিষ্কে টিউমার, অস্ত্রোপচার ও কেমোথেরাপি—দীর্ঘ কঠিন সময় পেরিয়ে অভিনয়ে ফিরেছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। আর ফিরেই নতুন নাটক দিয়ে দর্শকের মন জয় করেছেন তিনি। তার অভিনীত ‘অংশীদার’ নাটকটি মুক্তির মাত্র ২২ ঘণ্টায় দেখেছেন ১৫ লাখ ৮৫ হাজার দর্শক।
দীর্ঘ নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর গত ২৬ অক্টোবর শুটিংয়ে ফেরেন তানিয়া। নির্মাতা ইকসান রনির পরিচালনায় ‘অংশীদার’ নাটকের মধ্য দিয়ে পর্দায় প্রত্যাবর্তন ঘটে তার। গত শনিবার কেএসআই এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় নাটকটি।
পারিবারিক টানাপোড়েন, নারীর সম্পত্তির অধিকার, আত্মমর্যাদা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। এতে তানিয়া বৃষ্টির পাশাপাশি অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও ডলি জহুর।
নাটকটির গল্প ও অভিনয় দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে নারীর সম্পত্তির ন্যায্য অধিকার নিয়ে নাটকের বক্তব্যের সঙ্গে নিজেদের জীবনের অভিজ্ঞতার মিল খুঁজে পাচ্ছেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন মন্তব্যও করছেন দর্শকরা।
দীর্ঘ বিরতির পর তানিয়া বৃষ্টিকে অভিনয়ে ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার ভক্তরা। অনেকে তার সুস্থতা কামনার পাশাপাশি নিয়মিত অভিনয়ে ফেরার প্রত্যাশা জানিয়েছেন।
দর্শকের এমন সাড়ায় উচ্ছ্বসিত নির্মাতা ইকসান রনি। তার ভাষ্য, ‘অংশীদার’ আমাদের সমাজের বাস্তব চিত্র। নারীর ন্যায্য অধিকার ও আত্মমর্যাদার গল্প তুলে ধরতেই নাটকটি নির্মাণ করা হয়েছে। অল্প সময়ে দর্শকের এমন সাড়া পুরো টিমের জন্য বড় অনুপ্রেরণা।
নির্মাতা জানান, অসুস্থতার কারণে গত বছর তানিয়া বৃষ্টির সঙ্গে পরিকল্পিত একটি কাজ করা সম্ভব হয়নি। পরে যোগাযোগ হলে নাটকের গল্প পড়ে তানিয়া নিজেই অভিনয়ের আগ্রহ প্রকাশ করেন। শুটিংয়ের আগে দুই দিন প্রস্তুতিও নিয়েছেন তারা।
দীর্ঘ চিকিৎসা ও বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরে প্রথম কাজেই দর্শকের এমন ভালোবাসা পাওয়া তানিয়া বৃষ্টির জন্য নিঃসন্দেহে বিশেষ অর্জন।

মন্তব্য করুন