জার্মানির বিভিন্ন অঞ্চলে একযোগে শত শত স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে ইমেইলের মাধ্যমে এসব হুমকি পাওয়ার পর তদন্ত শুরু করেছে পুলিশ। তবে প্রাথমিক তদন্তে হুমকিগুলোকে বিশ্বাসযোগ্য মনে করছে না আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি বিবেচনায় স্কুলগুলোকে স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
জানা গেছে, জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য বাডেন-ভুর্টেমবার্গের ৪০০টিরও বেশি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। একই ধরনের হুমকিমূলক ইমেইল পেয়েছে স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের ২৫০টিরও বেশি স্কুল। এছাড়া সোমবার সকালে দেশটির আরও কয়েকটি অঞ্চলের স্কুলও হুমকির লক্ষ্যবস্তু হয়েছে।
জার্মানির থুরিঙ্গিয়া রাজ্যের এরফুর্ট পুলিশ জানিয়েছে, সোমবার সকালে একাধিক স্কুলে হামলার হুমকি পাওয়ার পর তদন্ত শুরু করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জেনা, এরফুর্ট, মুলহাউজেন, জেল্লা-মেলিস, নর্ডহাউজেন, গোথা, রুডলস্টাডট ও গ্রেইজসহ বিভিন্ন শহরের স্কুলে হুমকি দেওয়া হয়েছে।
প্রাথমিক মূল্যায়নে হুমকিগুলোকে বিশ্বাসযোগ্য মনে না করলেও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে পুলিশ। আতঙ্ক এড়িয়ে সতর্কতার সঙ্গে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে স্কুল কর্তৃপক্ষকে।

মন্তব্য করুন