ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে ২০১৮ সালের একটি মানহানির মামলায় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন দিল্লির আদালত। সোমবার (২৩ নভেম্বর) বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আনাম রইস খান এ আদেশ দেন।
বিকাশ সংস্কৃত্যায়ন ওরফে বিকাশ পাণ্ডে নামে এক ব্যক্তির করা মামলায় এই পরোয়ানা জারি করা হয়েছে। ২০১৮ সালে ধ্রুব রাঠির ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওকে কেন্দ্র করে মানহানির অভিযোগে মামলাটি দায়ের করেন তিনি।
মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ৩ ডিসেম্বর। তবে আদালতের বিস্তারিত আদেশ এখনো প্রকাশিত হয়নি।
এর আগে গত ৩১ অক্টোবর ধ্রুব রাঠির বিরুদ্ধে নতুন করে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। তারও আগে, ১৭ অক্টোবর তাঁর বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি করা হয়েছিল। সে সময় আদালতের নোটিশ পৌঁছে দিতে গিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মী জানান, ধ্রুব রাঠির বাড়ি তালাবদ্ধ পাওয়া গেছে। পরে আদালত হরিয়ানার গুরুগ্রামে তাঁর ঠিকানায় নতুন করে সমন পাঠানোর নির্দেশ দেন।
ধ্রুব রাঠির আইনজীবী আদালতকে জানিয়েছিলেন, তাঁর মক্কেল সাধারণত অস্ট্রিয়ায় বসবাস করেন। দিল্লিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে তিনি ভারতে এসেছিলেন।

মন্তব্য করুন