বুধবার (২৫ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৮টা ১৮ মিনিটে উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। বাংলাদেশ সময় তখন ভোর ৬টা ১৮ মিনিট। তাদের গন্তব্য চীনের তিয়াঙগং মহাকাশ স্টেশন।
জিশান আলীর দুই সহযাত্রী হলেন মিশন কমান্ডার তাং হংবো এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ইয়ি। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, এই অভিযানে পেলোড বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করবেন জিশান। মহাকাশ স্টেশনে ৫ থেকে ১০ দিন অবস্থান করে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষায় অংশ নেবেন তিনি।
৪০ বছর বয়সী জিশান পেশায় একজন পাইলট। মহাকাশ অভিযানের প্রস্তুতি হিসেবে বেইজিংয়ে টানা সাত মাস প্রশিক্ষণ নিয়েছেন তিনি। এ সময় চীনা ভাষা শেখার পাশাপাশি চীনা গান, কবিতা ও ক্যালিগ্রাফি চর্চা করেছেন।
মহাকাশে যাওয়ার আগে জিশান বলেন, তিনি নিজের জন্য নয়, দেশের জন্য মহাকাশে যাচ্ছেন। তার কাঁধে রয়েছে পাকিস্তানের নাম।
এই অভিযানকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, পাকিস্তান ও চীনের বন্ধুত্ব এবার মহাকাশেও নতুন উচ্চতায় পৌঁছেছে।
বিশেষজ্ঞদের মতে, এই অভিযানের মাধ্যমে মহাকাশ গবেষণায় অভিজ্ঞতা ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনের নতুন সুযোগ তৈরি হয়েছে পাকিস্তানের। চীন ও পাকিস্তানের মহাকাশ সহযোগিতা তিন দশকেরও বেশি সময় ধরে চলছে। ২০২৮ সালের দিকে চীনের একটি চন্দ্র অভিযানেও পাকিস্তানের তৈরি রোভার পাঠানোর পরিকল্পনা রয়েছে।


মন্তব্য করুন