শিক্ষার্থীদের দাবি, গত দুই মাসেরও বেশি সময় ধরে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সংকট সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন সাধারণ শিক্ষার্থীরা। তাই স্থায়ী সমাধান না আসা পর্যন্ত শাটডাউন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
আলোচনা সভা শেষে রাত ২টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।
এদিকে, আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ২টায় চট্টগ্রামের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। একই দিন বিকেল ৩টায় উপাচার্য ইস্যুতে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের নির্বাহী কমিটির সদস্যদের।
গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকেই বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার সূত্রপাত। এর প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। টানা ৩৬ দিন বন্ধ থাকার পর গত ২৮ অক্টোবর একাডেমিক কার্যক্রম চালু হয়েছিল।
কিন্তু সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় আবারও বন্ধের মুখে পড়ল চুয়েট। নতুন এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম কত দিন স্থবির থাকে, এখন সেটিই দেখার বিষয়।
মন্তব্য করুন